ডিসেম্বরে নির্বাচন, ১০০ আসনে ইভিএম - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ডিসেম্বরে নির্বাচন, ১০০ আসনে ইভিএম

Share This

ডিসেম্বরের শেষ দিকে শিক্ষার্থীদের ছুটি থাকে। তাই ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। কারণ নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের স্কুল শুরু হয়। সে সময় নির্বাচন হলে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আগামী ডিসেম্বরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ততি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর এ নির্বাচনে এক-তৃতীয়াংশ অর্থাৎ ১০০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে সক্ষমতা থাকবে।’

ইভিএম ব্যবহার করার আগে ভিত্তিস্বরূপ আইন দরকার জানিয়ে সচিব বলেন, ‘ইভিএম ব্যবহার করার আগে ভিত্তিস্বরূপ আইন দরকার। আগামী ৩০ আগস্ট আরপিও সংশোধন সংক্রান্ত বিষয় নিয়ে কমিশন সভায় আলোচনা হবে। তারপর সেটি ভোটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন পাস হলে তার পরে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে। তখন সিদ্ধান্ত নেয়া হবে, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কি না।’

দেড় লাখ ইভিএম কেনার প্রস্তাবনা পাঠানো হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘কমিশন দেড় লাখ ইভিএম কেনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছে। নির্বাচনের আগে আইন পাস, রাজনৈতিক দলগুলোর মতামত সবকিছু ঠিক থাকলে ইসির সংসদ নির্বাচনের এক-তৃতীয়াংশ আসনে ইভিএম ব্যবহার করার মতো সক্ষমতা থাকবে।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের পরেই সারাদেশের সব উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানেও ইভিএম ব্যবহার করা হবে।’

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ