সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি’র আয়োজনে শনিবার (২ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে দ্বিতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘আর্ট অব লাইট’।
তিন দিনব্যাপী এই প্রদর্শনী আগামীকাল থেকে শুরু হয়ে চলবে ৪ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বৈশাখী চত্বরে সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রদর্শনী চলবে এই প্রদর্শনী ।
এবারের আসরে ৭৬ জন আলোক চিত্রশিল্পীর ৯৮ টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। গত বছর ১৮ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দুটি বিভাগে আলোক চিত্র জমা নেয়া হয়। অংশগ্রহণকারী ৭০০ জন আলোকচিত্রশিল্পীর ৩৫২০ টি আলোকচিত্রের মাঝে বাছাইকৃত আলোক চিত্রগুলো প্রদর্শিত হবে। দুটি বিভাগে মোট ১৪ টি আলোকচিত্রকে পুরষ্কৃত করা হবে। জাতীয় এই প্রদর্শনীতে বিচারকের দায়িত্ব পালন করছেন খ্যাতনামা আলোকচিত্র শিল্পী হাসান সাইফুদ্দিন চন্দন,মোহাম্মদ রাকিবুল হাসান ও মোঃ আখলাস উদ্দিন। ৪ ফেব্রুয়ারী বিকেলে পুরষ্কার বিতরণী ও ফানুস উৎসবের মধ্য দিয়ে প্রদর্শনী শেষ হবার কথা রয়েছে । সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এমনটা জানান আয়োজক কর্তৃপক্ষ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি শাহেদ রেদওয়ান জানান ‘গতবছর থেকে আমরা এই জাতীয় আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করছি। মূলত তরুণ আলোকচিত্র শিল্পীদের উৎসাহ দেয়ার জন্যই এ আয়োজন। জাতীয় প্রদর্শনী অচিরেই তরুণ আলোকচিত্র শিল্পীদের জন্য ভাল প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে’। সংগঠনটির সাবেক সভাপতি সৌমিক দেব বলেন, ‘আলোকচিত্রের নিজস্ব ভাষা রয়েছে। আলোকচিত্র নিজেই তার কথা বলে। আর এজন্যই আলোকচিত্র শিল্পের অন্যতম এক বড় মাধ্যম’।
সাধারণ সম্পাদক খালেদ রহমান রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি উত্তম কুমার ও সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ ফাগুন সহ বিভিন্ন গণমাধ্যম থেকে আগত সংবাদকর্মী।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন