দেশের সবকটি শিক্ষাবোর্ডের অধিনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
ঘোষিত সূচী অনুযায়ী সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। তবে পরীক্ষার্থীদের ত্রিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। প্রথমদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে সিলেট বোর্ডের অধিনে এবারে পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৩২ হাজার ৯শ’ ৬৯ জন শিক্ষার্থী।যা গত বছরের তুলনায় ৩ হাজার ৯শ’ ৭০ জন বেশি। এদের মধ্যে ৬ হাজার ২ শ’ ৭২ জন অনিয়মিত পরীক্ষার্থীও রয়েছেন। ২০১৫ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৮ হাজার ৯শ’ ৯৯ জন।
পরীক্ষার্থীর পাশাপাশি বেড়েছে অংশ গ্রহণকারী প্রতিষ্ঠান এবং পরীক্ষা কেন্দ্রও। গতবছর ১১৯টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়েছিলো। এবার নতুন ৫টি কেন্দ্র বেড়ে যাওয়ায় মোট ১২৪ টি কেন্দ্রে পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। তাছাড়া গত বছর ৯৬৯ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১হাজার ৪ এ।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের অধীনে এবারের জেএসসিতে সিলেটের চার জেলার ১হাজার চার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে এবারও মেয়েদের সংখ্যাই বেশি। ১লাখ ৩২ হাজার ৬শ’ ৬৯জন পরীক্ষার্থীর মধ্যে ছেলে সংখ্যা ৫৭ হাজার ৯শত ৩১ জন এবং মেয়ে পরীক্ষার্থী সংখ্যা ৭৫ হাজার ৩৮ জন। ফলে তুলনামূলকভাবে ছাত্রের চেয়ে ১৭ হাজার ১শ’ ৭জন ছাত্রী বেশি।
জেলাওয়ারী পরীক্ষার্থীর মধ্য থেকে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে সিলেট জেলা এবং সবচেয়ে কম শিক্ষার্থী অংশ নিচ্ছে সুনামগঞ্জ জেলা থেকে। নগরীসহ এই জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৪৮ হাজার ৪শ’ ৫৪ জন, মৌলভীবাজারে ২৯ হাজার ৫ শ’ ৩০ জন, হবিগঞ্জে ২৬ হাজার ৪শ’ ৫ জন এবং সুনামগঞ্জে ২৮ হাজার ৫ শ’ ৮০ জন শিক্ষার্থী।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম জানান, জেএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা রয়েছে। আমরা সেভাবেই সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছি। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বোর্ডের পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ এবং সাধারণ পরিদর্শন টিম কাজ করবে।
এছাড়াও জেলা উপজেলা প্রশাসনে কর্মরত সরকারের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ পরীক্ষা চলাকালে কেন্দ্র সমূহ পরিদর্শন করবেন বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত বছর জেএসসিতে সিলেট বোর্ডের পাসের হার ছিল শতকরা ৯৩.৫৯ ভাগ এবং জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৯শ’ ৫৬ শিক্ষার্থী।-সময়ের সংলাপ24/ডি-এইচ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন