'৩০ মিনিট কম হলে, যাব না পরীক্ষার হলে', 'আমাদের দাবী একটাই, ৪ঘন্টা পরীক্ষা চাই' ইত্যাদি শ্লোগানের রব তুলে সিলেট নগরীতে মিছিল, মানবন্ধন ও ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেছে এমসি কলেজের শিক্ষার্থীরা।
আজ (বুধবার) দুপুর ১২ টায় আম্ভরখানা পয়েন্ট থেকে এমসি শিক্ষার্থীদের মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
এমসি কলেজ সাধারন ছাত্র-ছাত্রীর ব্যানারে এরপরপরই রাস্তা অবরোধ করে মানবন্ধন কর্মসূচী শুরু করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা রাস্তায় বসে অবরোধ কর্সূমচী শুরু করলে শহরের চৌহাট্টা, জিন্দাবাজার ও বন্দর রোডে যানচলাচল বন্ধ হয়ে যায়।
প্রায় ১ঘন্টা ২০ মিনিটের এই অবরোধে কার্যত সিলেট শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তা এমসি কলেজের শিক্ষার্থীদের দখলে চলে আসে। এসময় পুলিশ কর্তৃপক্ষের সাথে বেশকয়েকবার কথাকাটাকাটি হতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে।
দুপুর দেড়টার দিকে এসএমপি (মিডিয়া) এডিসি রহমতুল্লাহ এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে রাস্তা অবরোধ কর্মসূচী তুলে নেয়ার কথা বলেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি পৌঁছাতে সহায়তা করবেন ঘোষনা করলে কর্মসূচী সাময়িকভাবে স্থগিত ঘোষনা করে আন্দোলনকারীরা।
এনইউ এর ১৪ লক্ষ শিক্ষার্থীদের নিয়ে এ খেলা বন্ধের দাবী জানিয়ে আন্দোলনকারীরা ৪৮ ঘন্টার ভিতরে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবী আদায়ের আহবান জানান। এর ব্যাতিক্রম ঘটলে আরো কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৩তম একাডেমিক কাউন্সিলে মাস্টার্স, অনার্স ও ডিগ্রী পরীক্ষার সময় ৪ ঘন্টা থেকে কমিয়ে সাড়ে ৩ ঘন্টা করার প্রতিবাদে আজ সিলেটে এসব কর্মসূচী পালন করে এমসি কলেজ শিক্ষার্থীরা।
