জগন্নাথের আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

জগন্নাথের আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

Share This

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কয়েক দফা হামলা চালিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনিরুল ইসলাম, অনিমেষ সাহা, রাইসুল ইসলাম, আল আমিনসহ আন্দোলনরত বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট চলছে। সকাল সাড়ে আটটার দিকে সব বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে শহীদ মিনারের সামনে জড়ো হন। পরে ক্যাম্পাসের বিভিন্ন অনুষদে বিক্ষোভ মিছিল করেন। সকাল নয়টার দিকে ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ নেতা-কর্মীরা শিক্ষার্থীদের মিছিলে বাধা দেন। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে তাঁরা মারধর করেন। ওই শিক্ষার্থীরা বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন অনুষদে চলে যান।

সকাল ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল গিয়ে আবার শিক্ষার্থীদের সঙ্গে স্লোগান দেন। তখন বক্তব্য দেওয়ার জন্য তাঁরা মাইক নিয়ে নিতে চান। শিক্ষার্থীরা বাধা দিলে ছাত্রলীগ কর্মীরা আবার তাঁদের মারধর করেন। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সভাপতি মেহরাব আজাদ, সাধারণ শিক্ষার্থী গোলাম রাব্বি, অনিমেষ রায়, মোহাম্মদ রাজন আহত হন।

বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্ক এলাকার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এখানেও তাঁদের সড়ক থেকে সরিয়ে দিতে আরও কয়েকজনকে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে সাধারণ শিক্ষার্থীরা অবস্থানে থাকায় ছাত্রলীগ পিছু হটে। বেলা দেড়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন।