সিলেটে ৩ টি প্রাণ ঝরে গেলো মাত্র ৪ দিনেই - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সিলেটে ৩ টি প্রাণ ঝরে গেলো মাত্র ৪ দিনেই

Share This
সিলেটে খুনের রথ যেনো থামছে না। মাত্র চার দিনের ব্যবধানে সংঘটিত হয়েছে তিনটি হত্যাকান্ড। এরমধ্যে সর্বশেষ শনিবার রাত ১১ টার দিকে খুন হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম। পূর্ব শত্রুতার জেরেই তাকে খুন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। আর বাকি দু’টি খুনের ঘটনা ঘটেছে ঠুনকো কারণে।


তিন খুনের দু’টিতে এখন পর্যন্ত কোন আসামী বা অভিযুক্ত গ্রেফতার নেই। পুলিশ বলছে তারা আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। শুধুমাত্র তাজুল খুনের ঘটনায় গুলজার ও দুলাল নামের দুই অভিযুক্তকে শনিবার দিবাগত রাত ১২ টার দিকে আটক করেছে পুলিশ। এরা তাজুলের ছেলে রায়হান হত্যায়ও অভিযুক্ত।


স্পট-কুয়ারপাড়: কুয়ারপাড়ে সন্ত্রাসীদের হামলায় সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম খুন হন। শনিবার দিবাগত রাত ১১টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারেই তার মৃত্যু হয়।

এর আগে রাত ১০ টায় বাসায় ফেরার পথে মোটরসাইকেল আরোহী তিন যুবক তাকে কুপিয়ে গুরতর আহত অবস্থায় রাস্তায় ফেলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান- শনিবার রাত ১০টার দিকে বাসায় ফিরার পথে কুয়ারপাড় গরম দেওয়ান মাজারের সামনে মোটর সাইকেল (সিলেট এ-৬৮৮৭) আরোহী তিন যুবক তাজুলকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায়।


আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১১টার দিকে অপারেশন থিয়েটারেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তাজুল। তাজুলের ছেলে রায়হান ইসলামকেও সন্ত্রাসীরা কুপিয়ে খুন করেছিল।


স্পট-লালাবাজারে ব্রিজ: দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে সন্ত্রাসী হামলায় মো. আজির মিয়া (৪৫) নামের এক ফার্মেসী ব্যবসায়ীর মৃত্যু হয় শুক্রবার রাত সাড়ে দশটার দিকে লালাবাজার ব্রিজে বাড়ি ফিরার পথে হামলার শিকার হন তিনি। আজির বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামের মৃত মোফাচ্ছর আলীর ছেলে।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় তিন ঘন্টা অবরোধ চলার পর রাত পৌণে ২টার দিকে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।

শনিবার বাদ আসর গ্রামের বাড়িতে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয়রা জানান, আজির উদ্দিনের ফার্মেসীর ডা. নাদির হোসেন চৌধুরীর কারের সাথে গত বুধবার রাতে স্থানীয় ভরাউটা গ্রামের আল ইছলাহ নেতা আজাদের প্রাইভেট কারের ধাক্কা লাগে। এ নিয়ে আজির উদ্দিনের সাথে আজাদের বাকবিতন্ডা হয়। রোববার বিষয়টি সমাধানের দিনক্ষণ নির্ধারিত ছিল।

শুক্রবার বাড়ী ফিরার পথে লালাবাজার সেতুতে হামলা করা হয় আজিরকে। এ হামলার সাথে আজাদ, তার ভাই ছাত্রলীগ নেতা রিয়াজ, সহযোগী সাইফুলসহ আরো কয়েকজন মিলে আজির উদ্দিনের উপর হামলার সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে গিয়ে আজির উদ্দিনকে উদ্ধার করলেও এর আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্পট- জিন্দাবাজার: নগরীর জিন্দাবাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত ব্যবহায়ী মামুন আহমদের (২২) মৃত্যু হয় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে। চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার ভাই ঈশান আহমদ।

মামুন আহমদ জিন্দাবাজারের এ্যালিগেন্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী। মঙ্গলবার বেলা ২টার দিকে মোটরসাইকেল পার্কিং নিয়ে বাকবিতন্ডার জেরে মামুন ছুরিকাঘাতের শিকার হন। জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি সুলেমান চৌধুরীর নেতৃত্বে কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহতাবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।