নেপালে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহত মো. ফারুক হোসেন প্রিয়কের প্রাইভেট কারটি আগুনে পুড়ে গেছে। শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেট কারটি পুড়ে যায়।
নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার জানান, প্রিয়কের মামাতো ভাই মেহেদী হাসান শ্রীপুর উপজেলার জৈনার বাজার এলাকা থেকে প্রাইভেট কারটি চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে গাড়ি থেকে ধোঁয়া বের থাকে।
তিনি আরও বলেন, এ সময় মেহেদী মাস্টারবাড়ি এলাকায় একটি ওয়ার্কশপের সামনে গাড়িটিকে দাঁড় করান। এর কিছুক্ষণ পরই গাড়িতে আগুন ধরে দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীদের ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী পথে যানচলাচলে সাময়িক ব্যাহত হয়। তবে মেহেদী অক্ষত রয়েছেন।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, যান্ত্রিক ত্রুটি থেকে গাড়িতে আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রিয়কের চাচাতো ভাই মো. লুৎফর রহমান বলেন, প্রাইভেট কারটি প্রিয়কের খুব প্রিয় ছিল। তার মামাতো ভাই মেহেদী প্রাইভেট কারটির ত্রুটি সারাতে এবং কাগজ নবায়ন করতে সকালে গাড়িটি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে গাড়িটিতে আগুন ধরে যায়।
চলতি বছরের ১২ মার্চ নেপালে বিমান দুর্ঘটনায় প্রিয়কের সঙ্গেই বিমানের যাত্রী ছিলেন মেহেদী। তিনি ওই দুর্ঘটনায় আহত হয়েছিলেন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
