একদিনে এনা পরিবহনের বেপরোয়া বাস কেড়ে নিয়েছে ৫ তাজা প্রাণ। বুধবার (২৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে ৪ জন, নরসিংদীতে ১ জন।
দুর্ঘটনা কবলিত এনা পরিবহনের দুইটি বাসের মালিক বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ।
ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় এনা পরিবহনের একটি বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। বুধবার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে জেলার সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
নিহতরা হলেন- রুবিনা নূর (৫০), তার মেয়ে সাবিনা নূর (২৬) এবং শিশু ইয়াছিন (৭ মাস)। নিহতরা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুরে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪৭৪৫৬) নিয়ন্ত্রণ হারিয়ে বৈশামোড়া এলাকায় মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।
নরসিংদী: নরসিংদীর শিবপুরে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের আমতলায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৭০৪) ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার আমতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মারা যান।
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
