আবারো দেশের মাটিতে আন্তর্জাতিক ফুটবলের স্বাদ পেতে যাচ্ছে বাংলাদেশের সমর্থকরা। নীলফামারীর শেখ কামাল ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা জাতীয় দল। সাফের আগে নিজেদের ঝালিয়ে নিতে ম্যাচটাকে ভালোই গুরুত্ব দিচ্ছে দু'দল। জয়-পরাজয় নিয়ে না ভেবে লঙ্কানদের চাওয়া, সুন্দর ফুটবল খেলে স্বাগতিক সমর্থকদের মন জয় করা।
আর, এ ম্যাচ দিয়েই সাফের জন্য দলীয় সমন্বয় বের করার কথা জানিয়েছেন বাংলাদেশের কোচ জেমি ডে। ম্যাচটি মাঠে গড়াবে আজ বিকাল ৪টায়।
দেশের ফুটবলে শেষ কবে এতোটা সুসময় এসেছিলো, তা বলতে হলে হয়তো অনেকক্ষণ ভাবতে হবে। অনেকের হয়তো মনেও পড়বে না। কারণ, নিকট অতীতে যা কিছু ঘটেছে তার সবই নেতিবাচক ছিলো বাংলাদেশের ফুটবলের জন্য। তবে, সময় ঘুরেছে। অভূতপূর্ব এক সময় কাটাচ্ছে বাংলাদেশ ফুটবল দল।
নতুন কোচের অধীনে বদলে গেছে দলটা। দেশে-বিদেশে প্রায় দু'মাসের কন্ডিশনিং ক্যাম্পের পর এশিয়াডে ইতিহাস গড়েছে জেমি ডে'র শিষ্যরা। কাতারের মতো দলকে হারিয়ে উঠেছিলো নক আউটে পর্বে। যদিও, উত্তর কোরিয়ার কাছে হেরে শেষ হয় তাদের মধুচন্দ্রিমা।
এবারের লড়াইটা দেশের মাটিতে। বিপক্ষ দলের নামটা লঙ্কা বলেই হয়তো একটু নির্ভার জেমি ডে। এশিয়াডে খেলা ১১ জনকেই বিশ্রাম দিয়েছেন তিনি। সুযোগ দিয়েছেন ক্যাম্পে থাকা বাকিদের। সাফের আগে এবার ঝালিয়ে দেখতে চান শিষ্যদের।
আর মাত্র কয়েকদিন পরই দক্ষিণ এশিয়ান ফুটবলের মর্যাদার আসর সাফ টুর্নামেন্ট শুরু হবে। শ্রীলঙ্কাও খেলবে সেখানে। তাই তো এ ম্যাচে জয় পরাজয় নয়, ভালো ফুটবল খেলাটাকেই লক্ষ্য করেছেন লঙ্কান কোচ পাকির আলীর।
এর আগে শ্রীলঙ্কার সঙ্গে ১৪ বারের দেখায় ৯ ম্যাচে জয় আছে বাংলাদেশের। ড্র হয়েছে ২টি এবং হেরেছে ৩ ম্যাচে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
